টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হাত কাটা অবস্থায় অপু মন্ডল ওরফে শুভ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অপু মন্ডল দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি পরিবার নিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার গন্তব্য পাড়ায় ফারুক হোসেনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপু মন্ডল বাসা থেকে বের হয়ে যান। পরে রাত প্রায় ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তার বাম হাত কাটা অবস্থায় মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশকে জানানো হলে মির্জাপুর থানা’র অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও এসএসআই প্রদীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


