বরগুনার গৌরিচন্না ইউনিয়নের চর খাজুরতলা আবাসন মাঠে কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি মাঠ মহড়া ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকালে অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় জাগোনারীর এসিটি-২ প্রকল্প থেকে আয়োজিত এ মহড়ায় দুর্যোগকালীন প্রস্তুতি ও দ্রুত সাড়াদান বিষয়ে বাস্তবধর্মী অনুশীলন করা হয়।
মহড়ায় আগাম সতর্কতা প্রচার, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ঘূর্ণিঝড় পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেন।
লোক বেতারের স্টেশন মাস্টার মনির হোসেন কামালের সঞ্চালনায় ও গৌরিচন্না ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবক মো. শাওন মোল্লা, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, রেডক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হায়দার নিলু, সিপিপির উপ-পরিচালক মিসপাউর রহমান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরগুনার স্টেশন মাস্টার ইমদাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস এবং জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির অংশগ্রহণ ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। এ ধরনের মাঠ মহড়া মানুষের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, সিপিপি, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এ মহড়াকে সফল ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন উপস্থিতরা।
পড়ুন- ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু


