সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের দোকানে ঢুকে আজিমুল ইসলাম আজিম (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২০ মে) সকালে মার্কেটের মের্সাস শীতল ফ্যাসানের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম মের্সাস শীতল ফ্যাসানের স্বত্তাধিকারী এবং শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদস্থ কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত ছাড়া এ ঘটনার কারণ বলা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল উদ্ধার হয়েছে। পরবর্তিতে বিস্তারিত জানাতে পারবো।
পৌর নিউ মার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী আজিম বাড়ি থেকে দোকানে আসে। তখন মার্কেটের অন্য দোকানপাট তেমন খোলা ছিল না। আজিমের দোকানের সাটার বন্ধ থাকা অবস্থায় নিচ দিয়ে ভিতর থেকে আসা রক্ত দেখে স্থানীয়রা বিষয়টি টের পায়। এরপর দোকানের মধ্যে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
সানোয়ার হোসেন আরো বলেন, কে বা কারা তাকে হত্যার চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় দোকানের ভিতর ফেলে রেখে বাইরে থেকে সাটার বন্ধ করে রেখে গেছে। কি কারনে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তা বলতে পারবো না। তবে ঈদের আগে মার্কেটের ভিতর এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে শাস্তি দাবী করেছেন তিনি।
পড়ুন- ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু


