জয়পুরহাটে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম।
মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মাহবুব-উন-নবী, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ লাইন্সের আরআই (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী। তাদের নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ছয়টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদল প্যারেডে অংশ নেয়।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠ পর্যায়ের সদস্যদের দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম। এ সময় তিনি ড্রেসরুলস মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার শাহনাজ বেগমের সভাপতিত্বে ফোর্সের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও আন্তরিকতার সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। দায়িত্ব পালনের সময় যেকোনো সমস্যা হলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পরামর্শও দেন তিনি।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনেন পুলিশ সুপার এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি জয়পুরহাট পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

