মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন শেওড়াতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৪/৬-এস এর প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৩৩৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা


