‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদরে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ক পার্টনার কংগ্রেস।
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (২১ মে ) সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, নিরাপদ ও পরিবেশবান্ধব চাষাবাদ, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর মাগুরার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) খামারবাড়ি মাগুরার মো. আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ রানা, সদর অতিরিক্ত কৃষি অফিসার নাহিদা সুলতানা, সদর কৃষি সম্প্রসারণ অফিসার রুমানা রহমান সহ পিএফএস কৃষক ৩৫ জন, পিএফএস সদস্য ছাড়াও ৩৫ জন কৃষক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংক (World Bank) ও আইএফএডি (IFAD) সহযোগিতায় পরিচালিত PARTNER প্রোগ্রামের মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ


