বিজ্ঞাপন

নোয়াখালীতে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন প্রান্তিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণে লাভজনক উৎপাদন কৌশল ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল- বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার। ব্র্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মওদুদ আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) রাসেল আহমেদ।

প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ ও সমাধান প্রদান করেন।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক সংস্থা ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : অনলাইন জুয়া খেলার অপরাধে দেশে প্রথম গ্রেপ্তার মেহেরপুরে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন