নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশু রামিসাসহ দেশের সকল শিশু-কিশোর হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে সোনারগাঁও প্রেস ক্লাব এর সামনে “সোনারগাঁও উপজেলা খেলাঘর” শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।উপজেলা খেলাঘরের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর মোঃ শাহ আলম, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শংকর প্রকাশ, খেলাঘরিয়ান কাজী লিটুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজল বনিক, সাংবাদিক মোঃ নুর নবী জনি, সুলতানা রাজিয়া, মিলন হোসেন অপূর্ব, আলেয়া আক্তার, আলেয়া আক্তার নিতু, শিখা মণিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ও পৈশাচিক ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে জড়িত ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা দিন দিন বেড়েই চলেছে। ঘরে-বাইরে কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। এই পরিস্থিতির দায় রাষ্ট্র ও প্রশাসনকে নিতে হবে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।


