দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে যানবাহনের গেট পাস সংগ্রহকে সহজ করতে ৫টি বুথ স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বন্দরের ওভার-ফ্লো বুথ -এ আয়োজিত অনুষ্ঠানে চবকের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রম উদ্বোধন করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯২% কার্যক্রম পরিচালনা করে এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএস কোড অনুসরণকারী একটি (কী পয়েন্ট ইনস্টলেশন)।
বন্দরে প্রবেশকারী যানবাহনগুলোর অনলাইন গেট পাস সিস্টেম থাকলেও অনেক দূরদূরান্ত থেকে আগত চালক ও সহকারীদের জন্য প্রযুক্তিগত সমস্যা থাকায় তারা সহজে পাস সংগ্রহ করতে পারছিলেন না। এছাড়া গেট সংলগ্ন এলাকায় যানজটও তৈরি হচ্ছিল।
নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে বন্দর এলাকায় যানজট কমবে, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব হবে এবং বন্দরের অপারেশনাল কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। অনুষ্ঠানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের আহবান এনামুল হক শামীমের


