চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রাস্কফোর্স অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভাগ্যবানপুর গ্রামের একটি একতলা ভবনের চার কক্ষ বিশিষ্ট বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আসামির নিজ দখলীয় দক্ষিণ পাশের শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন, ভাগ্যবানপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে মো. জসিম আলী (৩২)।
অভিযানে একটি ছোট টিস্যু কাপড়ের প্যাকেটের ভেতর সাদা কাগজে মোড়ানো ১৭টি ছোট-বড় হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন প্রায় ১ গ্রাম। এছাড়া বিভিন্ন মূল্যমানের মোট ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন- ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


