কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামে একটি কুড়ার মিল থেকে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার রেললাইনের পশ্চিম পাশে খরকমারা গ্রামের জিল্ল মিয়ার কুড়ার মিলে সরকারি চাল মজুদের খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এসময় মিলটিতে শতাধিক বস্তা সরকারি চাল পাওয়া যায়।
পরে ইউএনও’র নির্দেশে কুলিয়ারচর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন মিলটিতে তালা লাগিয়ে দেন।
ঘটনার খবর পেয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া চালের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন- শিশু রামিসা হত্যাকাণ্ড: স্ত্রীসহ সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট


