কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাই ঝাড় গ্রামের ৪ নং ওয়ার্ডে একটি গ্রামীণ রাস্তার সেতু ভেঙে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।আহতরা কুড়িগ্রাম সদর উপজেলার যতীনের হাট এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।শনিবার সকালে কয়েকজন পথচারী ও যানবাহন সেতু পারাপারের সময় ট্রাক্টরসহ সহ হঠাৎ করেই সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ আহত হন।আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পাঁচগাছী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভেঙে পড়া সেতুর স্থানে নতুন সেতু নির্মাণে উর্ধতন কর্মকর্তাকে অবগত করা হবে।
পড়ুন- শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন


