পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮। এর অংশ হিসেবে সোমবার (২৫ মে) বিকেলে জেলার বলেশ্বর পশুর হাট ও পাঁচপাড়া পশুর হাট পরিদর্শন করেন র্যাব-৮, সিপিএসসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা।
এ সময় তিনি জানান, ঈদকে সামনে রেখে র্যাব-৮ এর আওতাধীন ৮ জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। গবাদিপশু পরিবহন ও হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে পশুর হাট সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা টিম, আভিযানিক টিম ও টহল টিম সমন্বিতভাবে কাজ করছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, পশুর হাটে জাল টাকা প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়েছে। জাল নোট শনাক্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়ে সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে হাটে স্থাপিত র্যাব কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করা হয়েছে।
এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের প্রধান জামাতগুলোতেও গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে র্যাব-৮।
র্যাব-৮ জানায়, যেকোনো ধরনের নাশকতা, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং জরুরি প্রয়োজনে পিরোজপুরবাসীকে র্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


