উত্তেজনা আর রোমাঞ্চের ২০২৬ বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নানা সমীকরণ। তবে জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি বিশেষ অ্যালগরিদম যে ভবিষ্যদ্বাণী করেছে, তা নিশ্চিতভাবেই ব্রাজিল সমর্থকদের জন্য বড় এক হতাশার কারণ। এই বিশ্লেষকের গাণিতিক মডেলে দাবি করা হয়েছে—বিশ্বকাপের রাউন্ড ৩২ (দ্বিতীয় রাউন্ড) থেকেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা! শুধু তা-ই নয়, এবার নতুন চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডসের নাম ঘোষণা করেছে এই মডেল।
জার্মানির এই অর্থনীতিবিদ ২০১৪ সালে একটি বিশেষ গাণিতিক সূত্র তৈরি করেছিলেন। যা সে বছর জার্মানির বিশ্বকাপ জয়ের নিখুঁত পূর্বাভাস দিয়েছিল। তার সূত্র মেলাতেই যেন সেবার ফাইনালে মারিও গোটশের অসাধারণ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।
একই কায়দায় পরবর্তীতে ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের ভবিষ্যদ্বাণীও শতভাগ মিলে গিয়েছিল ক্লেমেন্টের গাণিতিক মডেলের সাথে। এবার সেই একই মডেলে তিনি ২০২৬ বিশ্বকাপ নিয়ে নতুন পূর্বাভাস দিলেন।
এই গাণিতিক মডেলে কেবল মাঠের পারফরম্যান্সই নয় বরং খেলোয়াড়দের বর্তমান মার্কেট ভ্যালু (বাজারমূল্য), দেশের ফুটবল ঐতিহ্য ও সংস্কৃতি এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধাসহ নানা জটিল বিষয় বিবেচনা করা হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব উপাদান মিলিয়ে প্রায় ৪৫ থেকে ৫৫ শতাংশ নির্ভুলতায় বিশ্বকাপের ফলাফল অনুমান করা সম্ভব।
১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে ফাইনালে উঠলেও আজ পর্যন্ত সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি নেদারল্যান্ডসের। তবে ক্লেমেন্টের গাণিতিক মডেল এবার ডাচদেরই চ্যাম্পিয়ন হিসেবে দেখাচ্ছে। তার মডেলের হিসাব অনুযায়ী, নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর সেমিফাইনালে স্পেন এবং বহুল প্রতিক্ষিত ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ডাচরা।
দেখুনঃঅন্যরকম সেঞ্চুরি করে বুমরাহর অনাকাঙ্ক্ষিত রেকর্ড
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


