শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে একজন মুসলমান মানুষ সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পাবেন, ঠিক তদ্রূপ সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীরাও পাবেন। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের সব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার অসাম্প্রদায়িক সরকার। আমরা সব ধর্মকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। ধর্ম যার যার, বাংলাদেশ সবার- এই স্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে এগিয়ে যাবে।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম সহ বিএনপির নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বীরা নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। পরে চানপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়।
উল্লেখ্য, কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে৷ পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই রথযাত্রা পালন করে আসছেন।
পড়ুন : শহীদদের স্মৃতি ও অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে


