সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের তিন উপজেলার অন্তত ২০টি গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছেন স্থানীয় মুসল্লিরা।
বুধবার (২৭ মে) সকাল থেকে জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা এলাকায় টানা বৃষ্টির কারণে খোলা মাঠে ঈদের জামাত আয়োজন সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ৮টায় স্থানীয় বাসিন্দা আলতাফুর রহমানের বাড়িতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাতে ইমামতি করেন মুসলিম উম্মাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলতাফুর রহমান।
এছাড়া সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি ও বনগ্রামসহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন।
একইভাবে ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার আরও কয়েকটি গ্রামেও আগাম ঈদ উদ্যাপনের খবর পাওয়া গেছে।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। টানা বৃষ্টির মধ্যেও ধর্মীয় আবহ, পারস্পরিক সৌহার্দ্য ও ঈদের আনন্দে এলাকাগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।
পড়ুন:কেন নিষিদ্ধ হলেন রণবীর সিং?
দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!
ইমি/


