রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় এই মামলাটি রেকর্ড করা হয়েছে। বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।
তিনি জানান, হাসপাতালের চিকিৎসায় অবহেলার কারণে ওই ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক শিশুর স্বজন। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
ডিসি আরও জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
পড়ুন : ৬ শিশুর মৃত্যুতে তদন্ত কমিটি, ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট: স্বাস্থ্যের ডিজি


