চট্টগ্রামের পার্কি বিচ সংলগ্ন আউটার এংকরেজ চার্লিতে নোঙর করা এমটি মেঘনা ট্রেডার্স-এর ইঞ্জিন রুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই জাহাজের ইঞ্জিন রুম থেকে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কার্বন-ডাই-অক্সাইড (সিও₂) রিলিজ করা হয়।
খবর পেয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর টাগবোট কান্ডারী-৩ ও কান্ডারী-১১, বাংলাদেশ নৌবাহিনী-এর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর টাগবোট প্রমত্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দর আউটার এংকরেজ-এ এসে নোঙর করে।
বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউ এস এল জাহাজটিকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
দেখুনঃযমুনা সেতু দিয়ে ৪৫ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
ইমি/


