পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে। একই সঙ্গে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন তিনি।ঈদ উপলক্ষে পাঠানো এক চিঠিতে মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের জাতীয় উন্নয়ন লক্ষ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, তা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যেই। তিনি বলেন, ‘ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।’
চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক। ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি বলেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব উদযাপন করেন বলেও উল্লেখ করেন তিনি।
মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে।
এই সম্পর্ক যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার মাধ্যমে গড়ে উঠেছে বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। চিঠির শেষাংশে তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদি।
দেখুনঃযমুনা সেতু দিয়ে ৪৫ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
ইমি/


