ইরাকের বাগদাদে মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সম্মানের সাথে তা গ্রহণ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রাবণের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ।
বাগদাদের বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে, গত বুধবার (২৭ মে) সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ‘ফ্লাইট নং-TK0843’ এর মাধ্যমে মরদেহটি প্রেরণ করা হয়। এরপর তুরস্কে ২৯ ঘণ্টার দীর্ঘ ট্রানজিট শেষে পুনরায় তার্কিশ এয়ারলাইন্সের ‘ফ্লাইট নং-TK0712’ যোগে আজ সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি এসে পৌঁছায়।
বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক মৃতের স্বজনদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ২৫ মে বাগদাদের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী এক দাপ্তরিক পত্রের মাধ্যমে মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
পড়ুন: ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত
আর/


