পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে। নিহত রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।
বৃহস্পতিবার রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরিবারের দাবি, রাত ৯ টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। তবে কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।
এ সময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এতে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবী, নিহতের পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে দীর্ঘদিন স্থানীয় বিএনপি কর্মী কামাল পঞ্চায়েতের পরকীয়ার সম্পর্ক ছিল। সে নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতো। পরকীয়ায় প্রায় সময় বাঁধা দিত নিহত নমিতা রানী। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত ও পুত্রবধূর মামা তাপস দেবনাথ মিলে নমিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে পলাতক রয়েছে কামাল পঞ্চায়েত। তারা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ইন্দুরকানী থানার ওসি মহব্বত খান জানান, এ ঘটনায় জনরোষ থেকে বাঁচানোর জন্য ওই গৃহবধূ ও তার মামকে হেফাজতে এনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার


