বিজ্ঞাপন

কথা দিচ্ছি, কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না: ডেপুটি স্পিকার

“সততা ছাড়া জাতি গঠন সম্ভব নয়। যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে থাকবো, আমি কথা দিচ্ছি, কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না”- নেত্রকোনার কলমাকান্দায় আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই এই মাদ্রাসা প্রাঙ্গণ ও এলাকার সাথে নিজের গভীর পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডেপুটি স্পিকার। তিনি বলেন, “এই স্থানটি আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত এবং আমার বাবার অত্যন্ত প্রিয় স্থান ছিল। পাশেই এতিমখানা ও আমাদের জমি রয়েছে। এই প্রিয় স্থানে এসে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।”

অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রয়াত বাবার অনুপস্থিতিতে তাঁর পক্ষ হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি তার দাদার নামে প্রতিষ্ঠিত ‘এন আকন্দ কামিল মাদ্রাসা’র কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, “আমরা শুধু ন্যায়পরায়ণতাই নয়, আমরা দেখাতে চাই আমরা ন্যায়ের পথে, ইনসাফের পথে আছি। আমি উপর আল্লাহকে হাজির-নাজির রেখে বলতে পারি, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে এক সেকেন্ডের জন্য, এক টাকা বা এক দানা চাল পরিমাণ দুর্নীতিও হয়নি।”

এলাকার সীমান্ত কেন্দ্রিক চোরাচালানের দিকে ইঙ্গিত করে তিনি দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, “অবৈধভাবে যে পয়সা ইনকাম করে স্ত্রী-সন্তানদের খাওয়াচ্ছেন, দিনের পর দিন বিল্ডিং তুলছেন, সব কিন্তু মহান রব দেখছেন। এক মুহূর্তে আপনার সব চলে যেতে পারে। দিনশেষে আমাদের আশ্রয় ও ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি। তাই সততার সাথে কাজ করার কোনো বিকল্প নেই।”

হযরত আবু বকর (রা.) এর একটি উদ্ধৃতি স্মরণ করিয়ে তিনি বলেন, “আমি ভালো কাজ করলে আপনারা সহযোগিতা করবেন, আর ভুল করলে তা শুধরে দেবেন।”

এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও শিক্ষক মাও. মো. আবুল হাসেমের সভাপতিত্বে মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু। প্রধান অতিথি তার বক্তব্যে এই নারী সংসদ সদস্যকে এলাকার ‘পুত্রবধূ’ হিসেবে আখ্যায়িত করে উপস্থিত জনতাকে করতালি দিয়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক-১ মো. আকরাম, কলমাকান্দার ইউএনও এস এম মিকাইল ইসলাম, আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. মো. হাবিবুর রহমান, কলমাকান্দা সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুুল হাসেম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার (কাস্টমস) মো. মিজানুর রহমান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন প্রমুখ।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত আয়োজনটি পারিবারিক আবহের সৃষ্টি করে। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে কায়সার কামাল কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমানের মতো প্রাক্তন সফল শিক্ষার্থীদের আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান। সততা ও ইনসাফের ভিত্তিতে আধুনিক ও সুশাসিত কলমাকান্দা-দুর্গাপুর গড়ার প্রত্যয় নিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানো ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন