নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) মধ্যরাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটে। তরতাজা দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই যুবকরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয় নিরব ও সোহানকে বহনকারী মোটরসাইকেলটি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুজনকেই রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালক্ষেপণ না করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর শেষ রক্ষা হয়নি। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে আসেন নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনরা। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। মাত্র ২০ ও ২৪ বছর বয়সী দুই তরুণের এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবরা।
রবিবার সকালে নিহতদের নিজ নিজ এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার ও ঘোষপাড়া এলাকায় বিরাজ করছে শোকের স্তব্ধতা। অল্প বয়সে দুই তরুণের এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে স্থানীয়দের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।


