রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি, আগারগাঁও এলাকায় অস্ত্রের মহড়া ও তাণ্ডব চালানো ও বস্তিতে হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘পিচ্চি রাকিব’কে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
রোববার (৩১ মে) রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
জানা গেছে, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এবং আগারগাঁও এলাকায় অস্ত্র প্রদর্শন করে তাণ্ডব চালানোর ঘটনায় তার নাম আলোচনায় আসে।
ডিসি ইবনে মিজান জানান, সর্বশেষ গতকাল (৩০ মে) রাতে শেরেবাংলা নগর থানা এলাকার শহীদের টেক বস্তিতে হামলার ঘটনায় জড়িত ছিল পিচ্চি রাকিব। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। পরে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


