রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সোমবার (১ জুন) বৈঠক শেষে তিনি বলেন, ঘটনাটি আইনগতভাবে একটি সম্ভাব্য ফৌজদারি অপরাধের বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপক অবহেলার অভিযোগ রয়েছে। ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় কতটুকু, তা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে নির্ধারিত হবে।
অ্যাটর্নি জেনারেল জানান, ইতোমধ্যে একজন অভিভাবক মামলা করেছেন। তদন্তে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।”
রুহুল কুদ্দুস কাজল আরও জানান, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, আগামী ৩ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
পড়ুন: ‘মেইন আসামি ডলারকে ধরেন, আমি ধর্ষণ করছি, মারছে ডলার’
আর/


