মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশীর বাড়িতে গেলে গরুর গোবর ফেলা নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত পলাশ ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
পরে ফাতেমা বেগম বিষয়টি তার স্বামী জরিপ শেখকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত ইউসুফ শেখের বাড়িতে যান। সেখানে ঘটনার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সময় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে ইউসুফ শেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, ফাতেমা বেগমকে মারধরের বিষয়ে জানতে গেলে অভিযুক্তরা দা ও কুড়াল নিয়ে হামলা চালায়। এতে জরিপ শেখ গুরুতর আহত হয়ে মারা যান।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ব্যবস্থা।


