ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (০১ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুর ইসলাম।
এর পূর্বে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
আটককৃতরা হলেন, ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকার মান্নানের ছেলে মোবারক হোসেন (২৭), একই এলাকার মৃত ইলিয়াস জাবেদের ছেলে ইমরান (২৯) ও আব্দুল মালেকের ছেলে রিপন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত ইয়াবাগুলো স্থানীয় এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


