কাতারে কিপ কাতার ক্লিন’ উদ্যোগে প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের প্রশংসনীয় অংশগ্রহণ।সিঙ্গিং স্যান্ড ডিউনসে পরিচ্ছন্নতা অভিযানে ৫০ স্বেচ্ছাসেবী, অপসারণ ১৩০ কেজি বর্জ্য।
কাতারের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবীরা। ‘কিপ কাতার ক্লিন’ উদ্যোগের অংশ হিসেবে দোহার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ সিঙ্গিং স্যান্ড ডিউনসে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
গত ২৯ মে ২০২৬, শুক্রবার, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিপ কাতার কনজারভেশনের উদ্যোগে সিঙ্গিং স্যান্ড ডিউনসে অনুষ্ঠিত হয় ৫৯৩তম পরিচ্ছন্নতা অভিযান। চলতি বছরে মরুভূমি এলাকায় আয়োজিত এটিই ছিল শেষ ক্লিনআপ কার্যক্রম।
অভিযানে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১৩০ কেজি বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশি ভলান্টিয়ার্স কাতার (বিভিকিউ)’। পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
আয়োজক প্রতিষ্ঠান ডিপ কাতার কনজারভেশন এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশি ভলান্টিয়ার্স কাতার (বিভিকিউ) এবং ফ্র্যাটার্নাল অর্ডার অব ঈগলস কাতার রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি কাতার মিউজিয়ামস, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জেনারেল ক্লিনিং ডিপার্টমেন্ট এবং এএ মোটরস কাতারের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।
বাংলাদেশি ভলান্টিয়ার্স কাতারের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি সমাজের সকল মানুষের সম্মিলিত দায়িত্ব। পরিবেশবান্ধব কাতার গড়ে তুলতে এবং ‘কিপ কাতার ক্লিন’ উদ্যোগকে আরও এগিয়ে নিতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশি ভলান্টিয়ার্স কাতার ইতোমধ্যে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রশংসিত ভূমিকা পালন করে আসছে। এছাড়াও কাতারে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক অনুষ্ঠান এবং টুর্নামেন্টে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন।
পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ববোধের এমন উদ্যোগ শুধু কাতারের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই সহায়তা করছে না, বরং প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক, সচেতন ও দায়িত্বশীল ভাবমূর্তিকেও আরও উজ্জ্বল করে তুলছে।


