বিজ্ঞাপন

ব্রহ্মপুত্র নদে আকস্মিক ঝড়ে ডুবলো ২৫ নৌকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে রমনা ঘাট এলাকায় হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ব্রহ্মপুত্র নদ উত্তাল হয়ে উঠলে ঘাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নৌকায় থাকা যাত্রী, মাঝি ও শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ আতঙ্কে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়েও নিজেদের রক্ষা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই আকাশ মেঘলা ছিল। তবে কোনো পূর্বাভাস ছাড়াই বিকেলের দিকে হঠাৎ ব্রহ্মপুত্রের বুকে তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রবল বাতাস ও জলচ্ছ্বাসের তোড়ে ঘাটে নোঙর করা ছোট ও মাঝারি আকারের অন্তত ২০টি নৌকা তলিয়ে যায়। এছাড়া চারটি বড় নৌকা দুমড়ে-মুচড়ে নদীগর্ভে ডুবে যায়।

কোদালকাটি গ্রামের নৌকার মালিক রফিকুল ইসলাম জানান, মালামাল ও যাত্রী নিয়ে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ জলচ্ছ্বাস শুরু হলে তার নৌকায় থাকা ৫৬ বস্তা সার, দুটি তেলের ড্রাম, সুপারির বস্তাসহ বিভিন্ন মালামাল নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও মাত্র তিন বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরেক নৌকার মালিক আলী হোসেন বলেন, “ঘাটে বাঁধা থাকা আমার ৬০ হাত দীর্ঘ নৌকাটি জলচ্ছ্বাসের আঘাতে মুহূর্তেই ভেঙে পানির নিচে তলিয়ে যায়।”

স্থানীয় বাসিন্দা মাজু ইব্রাহিম জানান, আকাশ মেঘলা থাকলেও তখন বৃষ্টি ছিল না। হঠাৎ জলচ্ছ্বাস শুরু হলে তার ২৫ হাত দীর্ঘ নৌকাসহ আশপাশে বাঁধা থাকা আরও বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় ছোট নৌকাগুলো উদ্ধার করা সম্ভব হলেও বড় নৌকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিলমারী রমনা ঘাটের বন্দর ও পরিবহন কর্মকর্তা (বিআইডব্লিউটিএ) পুতুল রায় জানান, বিকেল ৪টার কিছু আগে হঠাৎ প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় শুরু হয়। যদিও সেটি অল্প সময় স্থায়ী ছিল, তবুও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারটি বড় নৌকা ভেঙে ডুবে গেছে। বিআইডব্লিউটিএ’র একটি স্পিডবোটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্তত ২০টি ছোট নৌকা পানিতে তলিয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে। ডুবে যাওয়া নৌকা ও মালামাল উদ্ধারে এখনও চেষ্টা অব্যহত আছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, মুন্সীগঞ্জে অটোচালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন