অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ঋণের চাপের মধ্যেও বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা বিবেচনায় রেখে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, “বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময় ও ভঙ্গুর অর্থনীতির মধ্যেও আমরা চেষ্টা করেছি দেশের সব মানুষের কথা বিবেচনায় নিতে। ইনশাআল্লাহ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাজেট দেওয়া হবে।”
অর্থমন্ত্রী জানান, সরকারের ওপর উল্লেখযোগ্য ঋণের চাপ রয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও অনুকূলে নয়। তারপরও দায়িত্ব গ্রহণের পর সরকার এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছে, যাতে অর্থনীতির সুফল দেশের প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে যায়।
তিনি আরও বলেন, “সবদিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এরপরও আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট দিতে, যেখানে অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।”
দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। তবে আশা করি, বিগত সময়ের তুলনায় এটি একটি ভালো সূচনা হবে। আমাদের কিছুটা সময় দিতে হবে। শুরুটা ভালো হলে ভবিষ্যতে আরও ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে।”
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং নতুন বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন: দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১
আর/


