অসংখ্য পুরস্কার, সম্মাননা আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় সাজানো দীর্ঘ ক্যারিয়ার। এত প্রাপ্তির ভিড়েও এবার এমন এক সম্মাননা পেলেন, যা ছুঁয়ে গেল নায়িকার হৃদয়ের গভীরে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের হাতে তুলে দেয়া হয়েছে স্বর্ণের কলস।
ঘটনাটি একেবারেই সিনেমার গল্পের মতো। সেদিন বিকেলে জিমে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। হঠাৎ একটি কলে জরুরি তলব করা হয় নায়িকাকে। কারণ না জেনেই দ্রুত সেখানে পৌঁছে যান তিনি। তার হাতে ফরিদুর রেজা সাগর তুলে দেন স্বর্ণের তৈরি বিশেষ একটি কলস। অপ্রত্যাশিত মুহূর্তটিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন নায়িকা।
অপু বিশ্বাসের ভাষ্যমতে, শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করেননি তিনি, শুধু চেয়েছেন মানুষের ভালোবাসা। কিন্তু এমন একটি সম্মান তার জন্য অপেক্ষায় থাকবে, তা ভাবেননি তিনি।
নায়িকার মতে, এই কলসের মূল্য শুধু স্বর্ণে মাপা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে অগণিত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। তাই অসংখ্য পুরস্কার আর সম্মাননার ভিড়েও এই স্বর্ণের কলসটি হয়ে থাকবে তার জীবনের সবচেয়ে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

