হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এ চুক্তি সম্পন্ন হওয়ার কথা থাকলেও সরকার এর আগেই তা চূড়ান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ জরুরি। বর্তমানে ১৪টি নয়, বাংলাদেশের জন্য ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে বিমান পরিচালনা থেকে অর্জিত আয়ের মাধ্যমে কিস্তিতে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা সম্ভব। নতুন বোয়িং উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালে সরবরাহ পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি দূর করতে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
পড়ুন: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
আর/


