কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ও মাতৃসেবা ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন কায়কোবাদ। অনেক রোগী চিকিৎসক সংকট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ভোগান্তি এবং অতিরিক্ত রোগীর চাপের বিষয় তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।
এসময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকদের সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, জেলার সাধারণ মানুষ সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানবিক করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনের সময় হাসপাতাল স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
পড়ুন : ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত, যমুনা সেতু পশ্চিম প্রান্তে ৭ কি.মি যানজট


