বিজ্ঞাপন

বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা নিয়েই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার (৫ জুন) বিকেলে ঢাকায় পৌঁছেছেন সফরকারী দলের প্রথম বহর। বাকি ক্রিকেটাররা পরে আরেকটি ফ্লাইটে বাংলাদেশে যোগ দেবেন।

বিকেল ৫টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অস্ট্রেলিয়ার প্রথম দলটি। সফরে সাদা বলের দুটি সিরিজ খেলবে তারা। আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে দু’দলের লড়াই। এরপর একই ভেন্যুতে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামে যাবে দু’দল। ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ শহিদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকলেও শেষ ম্যাচে ৪ উইকেটের হারে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় জস ইংলিশের নেতৃত্বাধীন দলটি। সেই সিরিজ হারার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় অজিরা।

তবে বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল আনেনি অস্ট্রেলিয়া। বিশ্রাম ও দলীয় পরিকল্পনার কারণে অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়নি সফরে। পেস আক্রমণের মূল তিন ভরসা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে এই সফরে দেখা যাবে না। একই সঙ্গে দলে নেই স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসও।

বিশেষ করে ম্যাক্সওয়েল ও স্টয়নিসের অনুপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। দুজনই চোটমুক্ত থাকলেও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। ফলে ধারণা করা হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই নির্বাচকেরা নতুনদের সুযোগ দিতে চাইছেন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সংক্ষিপ্ত সংস্করণেও তাদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একইভাবে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন স্টিভেন স্মিথও। সাম্প্রতিক বিশ্ব আসরে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর টি-টোয়েন্টি দলেও জায়গা হারানোয় অভিজ্ঞ এই ব্যাটারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার নির্বাচকেরা অবশ্য নতুন মুখদের সুযোগ দিয়েছেন এই সফরে। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার লিয়াম স্কট। অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের। তরুণ এই ক্রিকেটারদের পারফরম্যান্সও নজরে থাকবে সিরিজজুড়ে।

এদিকে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৪ জুন থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকেরা (http://www.gobcbticket.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন।

মিরপুরে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার উভয় বিভাগের টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।

শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর সাধারণ দর্শকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

দুই দলের সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতা, অস্ট্রেলিয়ার দলে বেশ কয়েকজন নতুন মুখের অন্তর্ভুক্তি এবং অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতি সব মিলিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন