টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৭ জুন)আনুমানিক সকাল ৮:৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাঝালিয়া বাজারের একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক সাথী আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়। তিনি উপজেলার মাঝালিয়া গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
পড়ুন- আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা


