বিজ্ঞাপন

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিল আর্জেন্টিনা। চার বছর পর উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) মাটিতে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে এবার আলবিসেলেস্তেদের লক্ষ্য একটাই—শিরোপা ধরে রাখা। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে কাজটা মোটেও সহজ নয়। সর্বশেষ ১৯৬২ সালে পেলে-গারিঞ্চাদের ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছিল। দীর্ঘ ৬৪ বছর পর এবার লিওনেল মেসিদের সামনে সুযোগ সেই বিরল ইতিহাসে নিজেদের নাম লেখানোর।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। তুলনামূলক সহজ এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার সবচেয়ে বেশি। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আলবিসেলেস্তেদের পুরো যাত্রাপথ কেমন হতে পারে, আর সেখানে তাদের সম্ভাবনার হিসাব কতটা; সে বিষয়েই সুপারকম্পিউটার সিমুলেশনের মাধ্যমে রোমাঞ্চকর বিশ্লেষণ প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘অপটা’।

গ্রুপ পর্ব পেরোতে পারলে রাউন্ড অব ৩২ এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানে আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের শেষ নয় দেখায় উরুগুয়ে মাত্র একবার জয় পেয়েছে। অপটার হিসেবে এই ম্যাচ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার ৬৩.২ শতাংশ। এরপর শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে তুর্কি। আন্তর্জাতিক মঞ্চে দুই দলের কখনও মুখোমুখি না হলেও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে পরিসংখ্যানবিদরা। মেসিদের এই ধাপ পার হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.৭ শতাংশ।

এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল। এমন ম্যাচ হলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। অপটার হিসাবে এই পর্যায়ে আর্জেন্টিনার পৌঁছানোর সম্ভাবনা ৩০.৬ শতাংশ। সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে স্পেন, যাদেরকে এবারের আসরের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে বিবেচনা করছে অপটা। সুপারকম্পিউটারের সিমুলেশনে স্পেন ১৬.৫ শতাংশ ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

তবে আর্জেন্টিনার জন্য একটি ইতিবাচক তথ্যও রয়েছে। দলটি এর আগে যে পাঁচবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে, প্রতিবারই ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এবারও ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৩ শতাংশ। ফাইনালে হতে পারে ২০২২-এর পুনরাবৃত্তি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। সেক্ষেত্রে এটি হবে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই দুই দল টানা দুই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার নজিরও গড়া হবে।

উল্লেখ্য যে, অপটার সুপারকম্পিউটার হিসাব-নিকাশ যাই বলুক না কেন, নকআউট পর্বের সমীকরণ সবসময়ই অনিশ্চিত। তবে ফর্ম আর দলের গভীরতা বিবেচনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ মাতাবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

পড়ুন : মেসিবিহীন ম্যাচে সহজ জয় পেল আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন