জাতীয় সংসদের সাবেক স্পিকার এড. শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
রবিবার বিকেলে সিটি ল’ কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিটি ল’ কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ ও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মরহুম এড. শেখ রাজ্জাক আলী ছিলেন এ অঞ্চলের একজন জননন্দিত ও প্রজ্ঞাবান নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে সুনাম অর্জন করেছিলেন, তা আজও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। কয়রা ও পাইকগাছা উপজেলা ছাড়াও খুলনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জাতীয়করণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানকে সুনামের সাথে পরিচালনা করতে পারলেই তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব হবে। নির্বাচিত জনপ্রতিনিধি থাকাকালীন সময় দীর্ঘদিন তাঁর সান্নিধ্যে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রশাসক বলেন, তিনি মানুষের কল্যাণে কাজ করতে কখনো বিরক্ত হতেন না, বরং ধৈর্য্য ধরে মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিতেন।
কেসিসি প্রশাসক জানান, কয়রা–পাইকগাছা উপজেলাকে বিদ্যুতায়নের আওতায় আনা, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ রাজ্জাক আলীর অবদান রয়েছে। তাঁর কর্মজীবন অনুসরণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর নামে মহানগরীর কোনো সড়ক বা প্রতিষ্ঠান নামকরণের আশ্বাস দেন। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ল’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আউয়াল রাজ।
এছাড়াও বক্তৃতা করেন আইনজীবী ড. মোহাম্মদ জাকির হোসেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি কামরুল হাসান মৃধা এবং পরিবারের পক্ষে আব্দুল্লাহ আল বাহরাব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কবি আজাদুল হক আজাদ। পরে তিনি মরহুমের লেখা একটি কবিতা ও নিজের একটি কবিতা আবৃত্তি করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
পড়ুন : খুলনার উন্নয়নে সহযোগিতার আগ্রহ যুক্তরাষ্ট্রের, কেসিসি প্রশাসকের সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ


