সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোর নদী থেকে বালু উত্তোলন করে নদীতীরবর্তী কৃষিজমিতে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নলকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নলকা ব্রিজ সংলগ্ন ফুলজোর নদী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নদী থেকে সরাসরি বালু উত্তোলনের দৃশ্য দেখা না গেলেও নদীতীরবর্তী এলাকায় পানি না থাকায় কৃষিজমিতে চাষাবাদ করা হয় এবং সেখানে মাটি রাখায়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় অভিযুক্তকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান বলেন, বেশ কিছুদিন ধরে নলকা ব্রিজ সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের অভিযোগ পাচ্ছিলাম। অভিযোগের সত্যতা যাচাই করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরাসরি নদী থেকে বালু উত্তোলন করতে দেখা না গেলেও নদীতীরবর্তী কৃষিজমিতে মাটি রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পড়ুন: আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ
আর/


