চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মো. হযরত আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (০৮ জুন) সকাল পৌনে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন সুবদিয়া গ্রামের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হযরত আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ৪নং সুবদিয়া গ্রামের এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনে পাঁকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা একটি কফি রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা ১৬ (ষোল) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


