সম্প্রতি ভারত থেকে অবৈধভাবে বাংলা ভাষাভাষি লোকজনকে বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় দেশ ব্যাপি উদ্ধেগের সৃষ্টি হয়েছে| এ ঘটনায় ভারত সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে বিজিবি|
রোববার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে| যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে|
বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে| একই সঙ্গে অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকসহ যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে|
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি| দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে|
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে| পাশাপাশি সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ করা হয়েছে|
পড়ুন: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
আর/


