রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের সদস্যরা জানান, গত তিন দিন ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের দাবি, বয়সজনিত কারণে মোবারক হোসেনের মস্তিষ্কে কিছু জটিলতা রয়েছে এবং তিনি চিকিৎসাধীন। তিনি নিয়মিত নামাজ আদায়ের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তিনি মাঝারি উচ্চতার, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে সাদা দাড়ি রয়েছে। এছাড়া তাঁর মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে বলে পরিবার জানিয়েছে।
মোবারক হোসেনের সন্ধান পেলে পরিবারের সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮-৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।


