রাজস্ব আহরণ কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী শনিবার ১৩ জুনও খোলা থাকবে কাস্টমস হাউস, ঢাকা। এদিন যথারীতি অফিসের কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কাস্টমস হাউস, ঢাকার কমিশনার অব কাস্টমস মোহাঃ মসিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে অধিক্ষেত্রাধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, রাজস্ব আহরণের বিষয়টি অত্যন্ত জরুরি হওয়ায় ১৩ জুন শনিবার অফিসের কাজ চলমান থাকবে।
আদেশের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিজিএমইএ-বিকেএমইএ-সিএন্ডএফ এসোসিয়েশন-ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ কাস্টমস হাউসের অপারেশন, শুল্কায়ন টিম, এয়ারফ্রেইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট, বিমানবন্দর শিফট, ট্রানজিট ও গুদাম সংশ্লিষ্ট সকল ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও রেভিনিউ অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাই রেখে দায়িত্ব পালনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রোগ্রামারকে আদেশটি কাস্টমস হাউসের ওয়েবসাইট ও কর্মকর্তাদের গ্রুপ মেইলে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

