টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ই জুন)সকাল ১০:০০ঘটিকায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার ৪টি উচ্চ মাধ্যমিক ও ৬টি নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর নতুন নতুন ধারণা উপস্থাপন করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দারের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও গবেষণামুখী উদ্যোগের প্রশংসা করেন।
পরিশেষে সেরা উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞান প্রকল্পের প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা খান সালমান হাবীব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের বিজ্ঞান ও গবেষণামুখী শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


