শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
শুক্রবার (১২ জুন) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরীঘাট এলাকায় জরুরি নদীতীর সংরক্ষণ কাজের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে ছিল। বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপে সেই সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী বেড়িবাঁধ নির্মাণেরও উদ্যোগ নিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে এবং এলাকার মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


