ভারতের সীমান্তে কথিত পুশইন এবং সীমান্ত হত্যার ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে শহরের আদালত এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা এবং জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
বক্তারা বলেন, সীমান্তে পুশইন ও হত্যার ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে এসব ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে মানবঢাল গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
পড়ুন : দিনাজপুরে আর্জেন্টিনার সমর্থনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে


