বিজ্ঞাপন

এক মঞ্চে দুই কনের বিয়ে, মানবতার দৃষ্টান্ত রাজনগরে

মৌলভীবাজারের রাজনগরে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের দুই কন্যার বিয়ে সম্পন্ন হয়েছে। পরিবারের ইচ্ছা থাকলেও আর্থিক সামর্থ্যের অভাবে যে আয়োজন সম্ভব ছিল না, সেটিই বাস্তবায়ন করেছে সামাজিক সংগঠন ‘ছায়া রাজনগর’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টারে একই মঞ্চে বিয়ের সাজে বসেন দুই কনে। ফুলে সজ্জিত গাড়িতে এসে তাদের নিয়ে যান দুই বর। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরযাত্রীসহ প্রায় ৩ শতাধিক অতিথি।

ছায়া রাজনগর সামাজিক সংগঠনের উদ্যোগে সারমপুর গ্রামের অসহায় পরিবারের মেয়ে মদিনা বেগমের বিয়ে দেওয়া হয় ঘরগাঁও গ্রামের এক যুবকের সঙ্গে। অপরদিকে রাজনা বেগমের বিয়ে দেওয়া হয় তার নিজ এলাকা মহলালের এক যুবকের সঙ্গে।

সংগঠনের সংগঠক জয়নাল খান ও রুজনা বেগম জানান, দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশিদের সমন্বয়ে সম্প্রতি ‘ছায়া রাজনগর’ সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার দুই অসচ্ছল পরিবারের মেয়ের বিয়ের সম্পূর্ণ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল খাবার ও পানীয়ের ব্যবস্থা। এছাড়া সংগঠনের পক্ষ থেকে নবদম্পতিদের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও উপহার সামগ্রীও প্রদান করা হয়।

দুই কনে মদিনা বেগম ও রাজনা বেগম বলেন, “আমাদের বাবা নেই। অসচ্ছল পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন, তারা সত্যিই মহৎ হৃদয়ের মানুষ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি।”

সকল আনুষ্ঠানিকতা শেষে মালাবদল ও বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। নবদম্পতিদের নতুন জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত স্বজন ও অতিথিরা।

পড়ুন- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন