কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী তরুণীকে (২০) অন্তঃসত্ত্বা করার অভিযোগে তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী বাজার এলাকা থেকে অভিযুক্ত হিরন মিয়াকে (৬০) গ্রেফতার করা হয়। তিনি কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই প্রতিবন্ধী তরুণী শারীরিকভাবে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তরুণীটি প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তরুণী অভিযোগ করেন, তার চাচা হিরন মিয়া দীর্ঘদিন ধরে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করতেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগীর বাবা প্রবাসে থাকেন। অভিযুক্ত হিরন মিয়া সম্পর্কে তার বাবার চাচাতো ভাই। একজন বয়স্ক ব্যক্তি হয়ে এমন জঘন্য কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হিরন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন : মোংলায় কোস্টগার্ডের উপর হামলার ঘটনায় মামলা, ৬ জন আটক


