বাংলার লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দোতরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জামালপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দোতরা বাজানো প্রতিযোগিতার বাছাই পর্বের অডিশন।
ফজলুল হক এসোসিয়েটসের উদ্যোগে এবং অ্যাডভোকেট এম হোসাইন রুবেলের পরিচালনায় জামালপুর পৌরসভার হরিপুর এলাকায় আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন প্রতিভাবান দোতরা বাদকরা।
লোকজ সংস্কৃতির এই আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দোতরার টুংটাং মিষ্টি সুরে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রকে সংরক্ষণ এবং লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার প্রথম অডিশন পর্বে অংশ নিয়েছেন ২৫ জন প্রতিযোগী। চূড়ান্ত পর্বে বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জেলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের চর্চা আরও সমৃদ্ধ হবে। বাছাই পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হবে জামালপুরের সেরা দোতরা বাদক।
অ্যাডভোকেট এম হোসাইন রুবেল বলেন, “যারা মূলত দুতারা বাদক, এরা অসহায় ও অবহেলিত। অথচ তাদের সুর ও গান আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং শিল্পীদের সামনে নিয়ে আসতেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।”
তিনি বলেন, প্রথম স্থান অধিকারী পাবেন একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন নগদ ১০ হাজার টাকা। এছাড়াও শীর্ষ দশ প্রতিযোগীর জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
“লোকজ সংস্কৃতির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”


