কুলাউড়া সীমান্তের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিব আলী চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাহিনীটি উল্লেখ করে, চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ অবিবেচকের মতো গুলি ছোড়ে।
শুক্রবার (১২ জুন) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় মুজিব আলীর নিহত হওয়ার খবর পাওয়া যায়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-৪৬ বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ছয় থেকে সাত সদস্যের একটি বাংলাদেশি চোরাকারবারি দল দত্তগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চোরাই মালামাল আনার উদ্দেশ্যে তারা সীমান্ত পিলার ১৮৫২/৫-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের লখাইরচর এলাকায় যায়।
এ সময় ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি চোরাকারবারি মুজিব আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে যান।


