ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) জোরহাট বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি বিমানঘাঁটির অভ্যন্তরেই বিধ্বস্ত হয়। এরপরই এতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। বাহিনী জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
আন্তোনভ এএন-৩২ বিমান ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন উড়োজাহাজ হিসেবে পরিচিত। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে দেশটির বিমানবাহিনীর বহরে রয়েছে।
প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পরিবেশে পরিচালনার সক্ষমতার কারণে এএন-৩২ বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিমানটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম। দুর্গম এলাকায় রসদ ও সরঞ্জাম পরিবহনে এ ধরনের উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পড়ুন: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আর/


